রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
ছবি: ইএসপিএন
মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারের ধস বাংলাদেশ ব্যাটিং অর্ডারের এক পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে ধস সামলে জেতার অভ্যাসও যেন এখন দলে গড়ে উঠছে। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও ঘটল একই দৃশ্য। রান তাড়ায় নেমে মাঝপথে বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের শান্ত ব্যাটিং আর শরীফুল ইসলামের অপ্রত্যাশিত ঝলকে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে সোহানের সঙ্গী ছিলেন রিশাদ হোসেন, এবার পেলেন শরীফুলকে। শেষ পর্যন্ত তাদের জুটিতেই আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ফিল সিমন্সের শিষ্যরা।
শরীফুলের অবদান এদিন ছিল দুই দিকেই। বল হাতে প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে আফগান ব্যাটারদের চাপে রাখেন তিনি। ডেথ ওভারে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন ৩০ রান করা রহমানউল্লাহ গুরবাজকে। পরে ব্যাট হাতে নেমে দশ নম্বরে ৬ বলে করেন ১১ রান। শেষ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহকে লং অন দিয়ে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশ জেতে ৫ বল হাতে রেখে।
এর আগে আফগানিস্তান প্রথমে ব্যাট করে তোলে ২০ ওভারে ১৪৭ রান। নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। সাইফউদ্দিন উইকেটশূন্য থাকলেও তার ৪ ওভারে খরচ হয়েছে মাত্র ২২ রান। রিশাদও নিয়েছেন ২ উইকেট।
জবাবে বাংলাদেশ ব্যাটিং শুরুতেই চাপে পড়ে। ২৪ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন (দুজনেই ২ রান)। পরে ১৮ রানে আউট হন সাইফ হাসান। এরপর ইনিংস গুছিয়ে নেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী। জাকের করেন ২৫ বলে ৩২, শামীম খেলেন ২২ বলে ৩৩।
তবে মাঝপথে আবারও ধস নামে—৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। সেখান থেকে নুরুল হাসান নেন দায়িত্ব। তার ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ জয় কাছাকাছি পৌঁছায়। শেষ মুহূর্তের কাজটা সেরে দেন শরীফুল।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেভাগেই ট্রফি নিশ্চিত করল টাইগাররা।