বিসিবির নির্বাচনে মনোনয়ন নিবেন আসিফ আকবর
আসিফ আকবর, ছবি: সংগৃহীত
কুমিল্লার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি বিসিবির পরিচালক পদেও প্রার্থী হবেন।
যদিও তিনি গায়ক হিসেবে পরিচিত, একসময় ছিলেন ক্রিকেটারও। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন আসিফ। স্কুলজীবন থেকেই কুমিল্লা লিগে নিয়মিত খেলেছেন। কুমিল্লা জিলা স্কুলে স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে তিনি অধিনায়ক ছিলেন। সংগীতে মন দিলেও খেলার সঙ্গে যোগাযোগ কখনোই পুরোপুরি ছিন্ন হয়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ আকবর বলেন,
“কুমিল্লার খেলাধুলার একসময় দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় ছিল আমাদের দাপট। অথচ ঢাকার এত কাছে থেকেও আমরা তা হারিয়ে ফেলেছি। কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগ হচ্ছে না—এটা কল্পনাতীত! বিসিবিতে সুযোগ পেলে সবার আগে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা আমার লক্ষ্য থাকবে।”
অনেক সময় জেলা ও বিভাগীয় পরিচালকরা স্থানীয় ক্রিকেট উন্নয়নে গুরুত্ব দেন না। তবে আসিফ এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে চান। তার ভাষায়,
“কুমিল্লার ছেলেমেয়েরা এখন মাঠমুখী নয়। মাদক আর কিশোর গ্যাংয়ের মতো সমস্যা বেড়েছে। বাচ্চাদের খেলার জায়গা নেই, অথচ আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ক্লাবকে! আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে এনে কুমিল্লার ক্রিকেট এবং তরুণ সমাজকে নতুন পথে নিয়ে যেতে।”
তিনি শুধু কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগের সব জেলার ক্রিকেটেও অবদান রাখতে চান।
“নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগে ক্রিকেট প্রতিভার কোনো অভাব নেই। প্রতিটি জেলাকে নিয়ে আলাদা পরিকল্পনা করার সুযোগ আছে,” বলেন আসিফ।
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে কাউন্সিলর হওয়ার ইচ্ছে ছিল না। সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে দাঁড়ানোর।
“ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি সবসময়ই আমার আলাদা আবেগ কাজ করে। সংগঠক ও খেলোয়াড়রা বিশেষভাবে অনুরোধ করায় আমি দায়িত্ব নিয়েছি,” বলেন আসিফ।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। যুক্তরাষ্ট্রে টানা ১৪টি শো থাকায় তিনি ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
“দুটি শো শেষ করেছি, আরও ১২টি বাকি। গান আমার পেশা, এটা তো ছাড়ার নয়! এখান থেকেই ভোট দেব। ইতোমধ্যে কাউন্সিলরদের সঙ্গে কথা বলা শুরু করেছি, তারাও আমাকে আশ্বস্ত করছেন,” জানান আসিফ।
আজ বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, আর আগামীকাল তা জমা দিতে হবে।