ভারতের বিচার চেয়ে আইসিসির কাছে নালিশ পাকিস্তানের
পাক-ভারত ম্যাচের উত্তেজনাকর মূহুর্ত, ছবি: সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচের শুরুতেই এক বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে সমালোচনা উঠেছে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম ধাক্কা খায় ফখর জামানকে হারিয়ে। হার্দিক পান্ডিয়ার বলে ফখরের ব্যাটে হালকা স্পর্শ লাগার পর বল মাটিতে পড়েই উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হয়। খালি চোখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল বলটি মাটিতে পড়েছিল। এমনকি রিভিউতেও একই দৃশ্য ধরা পড়ে।
তবুও আফগান তৃতীয় আম্পায়ার ইজ্জতুল্লাহ শাপি ফিল্ড আম্পায়ারকে আউটের সিগন্যাল দেন। সিদ্ধান্তের পর ভারতীয় ক্রিকেটাররা তেমন কোনো উল্লাস প্রকাশ করেননি। বিশেষ করে উইকেটকিপার সাঞ্জু স্যামসনের চোখেমুখে হতাশা স্পষ্ট ছিল।
বিতর্কিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের ম্যানেজার নাভিদ চিমা প্রথমে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে যান, তবে তিনি জানান এটি রেফারির এখতিয়ার নয়। এরপর চিমা সরাসরি আইসিসিতে মেইল করে অভিযোগ পাঠান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা বলেন,
“আম্পায়াররাও ভুল করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছিল বলটা উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে পড়েছিল। আমি ভুলও হতে পারি। কিন্তু ফখর যেভাবে খেলছিল, যদি পাওয়ারপ্লে পর্যন্ত টিকে যেত, আমরা হয়তো ১৯০ তুলতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত এটা আম্পায়ারের সিদ্ধান্ত।”
সুপার ফোরের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে হারায়। পাকিস্তানের পরবর্তী ম্যাচ ২৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সুপার ফোর শুরু করেছে শ্রীলংকা।