আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
ছবি: সংগৃহীত
বিশ্বকর্মা পূজার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই স্থলবন্দর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে।
তবে, আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমসের অন্যান্য অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সিআন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া ও মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি প্রেরণ করে জানিয়ে দিয়েছেন যে বিশ্বকর্মা পূজার দিনে বাণিজ্য বন্ধ থাকবে।
ফারক মিয়ার মতে, বৃহস্পতিবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মাধ্যমে বাণিজ্য পুনরায় শুরু হবে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তারও নিশ্চিত করেছেন যে, বাণিজ্য বন্ধ থাকা সত্ত্বেও যাত্রী পারাপার স্বাভাবিকভাবেই চলবে।