নির্বাচনি জোটে যাওয়ার আগে রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
ছবি- আবাসন নিউজ২৪
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিলে তার দল কোনো নির্বাচনি জোটে যাবে না।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আমরা পরিবর্তনের রাজনীতি করি। দেশের মানুষ আজ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের কবলে। কোনো দলই এই অপসংস্কৃতি দূর করার প্রতিশ্রুতি দেয় না, কারণ তারা ভোটকেন্দ্র দখলের রাজনীতি চায়।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে—বাংলাদেশ কোন পথে যাবে। জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
‘মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন—যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি সাব্বির রাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদের নেতারা জানান, জনগণের পাশে থেকে স্বচ্ছ রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।