“তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “তারেক রহমান শিগগিরই ফিরবেন; তার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।”
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর তিনি এই তথ্য জানান।
বাবর বলেন, “দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। এছাড়া আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে যথাযথ চেষ্টা করছে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে আগ্রহী, তবে কিছু উদ্বেগ নিয়ে সচিবালয়ে আলোচনা করতে চায়।”
তিনি আরও বলেন, “এস আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, পাশাপাশি দেশে অবৈধ অস্ত্র প্রবেশের বিষয়েও উদ্বেগ রয়েছে।”
এর আগে, প্রায় ১৮ বছর পর আজ বিকেলে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
লুৎফুজ্জামান বাবর ২০০১-২০০৬ সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।