জাতিসংঘে নির্বাচন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে নাগরিকবান্ধব সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ড. ইউনূস জানান, দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে বাংলাদেশে আমন্ত্রণ জানান, যাতে পতিত স্বৈরশাসক কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করা যায়। মাঠপর্যায়ের তদন্ত শেষে হাইকমিশনারের কার্যালয় যে প্রতিবেদন ও সুপারিশমালা দিয়েছে, তা জাতীয় সংস্কার কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের আগেই বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয়। বর্তমানে এর বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলছে। এ বছর বাংলাদেশ জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলেও যুক্ত হয়েছে। এর অংশ হিসেবে একটি স্বাধীন জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, মানবাধিকার সুরক্ষাকারী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কারিগরি সহায়তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে তিন বছর মেয়াদে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের একটি মিশন কার্যক্রম শুরু করেছে।
ড. ইউনূস বলেন, এসব পদক্ষেপ জনগণের প্রত্যাশারই প্রতিফলন। এই প্রত্যাশা হলো একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা।