Site Logo | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

"বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র"

"বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র"

বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন, ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে আরও কমানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি নিয়ে ওয়াশিংটন সন্তুষ্ট এবং এ বিষয়ে শিগগিরই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হতে পারে।

রোববার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রতিনিধি দল এ সময় বাংলাদেশি পণ্যের শুল্কহার, বাণিজ্য ঘাটতি কমানো ও নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। বৈঠকে কৃষি ও জ্বালানি পণ্য আমদানি বাড়ানো এবং বিমান কেনার অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও কথা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

Advertisement

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন গত ৭ আগস্ট বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। ঢাকা চাইছে এ হার আরও কমিয়ে কমপক্ষে ১৫ শতাংশে নামিয়ে আনতে। এজন্যই বাংলাদেশ আলোচনার অনুরোধ জানায় এবং এর প্রেক্ষিতে ঢাকায় আসে ইউএসটিআর প্রতিনিধি দল।

প্রসঙ্গত, প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল। পরে আলোচনার ধারাবাহিকতায় তা ৩৫ শতাংশে নামানো হয়। সর্বশেষ গত জুলাইয়ে তৃতীয় দফা আলোচনার পর শুল্কহার ২০ শতাংশে নেমে আসে। এখন নতুন আলোচনার ভিত্তিতে চূড়ান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×