সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম ভোট ৫ অক্টোবর
ছবি: সংগৃহীত
সিরিয়ায় আগামী ৫ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে এটি হবে প্রথম ভোট।
প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বাধীন বাহিনী। এরপর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন এর নেতা আহমেদ আল-শারা। সমালোচকেরা বলছেন, সংখ্যালঘুদের যথেষ্ট অংশগ্রহণ না থাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।
নতুন পার্লামেন্টের কাজ হবে অর্থনৈতিক সংস্কার ও পররাষ্ট্রনীতি পুনর্গঠন সংক্রান্ত আইন প্রণয়ন। এবার ২১০টি আসনে ভোট হবে, আর বাকি এক-তৃতীয়াংশ আসনে সরাসরি সদস্য নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আল-শারা।
নিরাপত্তাজনিত কারণে সুয়েইদা, হাসাকা ও রাকা প্রদেশে ভোট পিছিয়ে দেওয়া হয়েছিল। যদিও সানার সাম্প্রতিক প্রতিবেদনে এ বিষয়ে কিছু বলা হয়নি।
গত মার্চে ঘোষিত সাংবিধানিক নির্দেশনায় ইসলামি আইনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়। তবে সমালোচকদের আশঙ্কা, এতে এইচটিএস ও কট্টরপন্থীদের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে।